দুদকের মামলায় সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ঐশী খান
সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল না করা এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। মামলাটি করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
দুদকের অভিযোগে বলা হয়েছে, অনুসন্ধানে ঐশী খানের নামে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া গেছে। মোট সম্পদের বিপরীতে তার বৈধ আয় পাওয়া গেছে মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা।
ফলে তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে—ঐশীর নামে বা বেনামে অতিরিক্ত সম্পদ থাকারও সম্ভাবনা রয়েছে।
দুদক জানায়, অনুসন্ধানের পর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ প্রদান সম্ভব না হওয়ায় গত ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম ঝুলিয়ে জারি করা হয়। পরে তার আবেদনে আরও অতিরিক্ত সময় দেওয়া হলেও তিনি বিবরণী জমা দেননি।
দুদকের মতে, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি বিপুল অপ্রদর্শিত সম্পদ পাওয়ায় ২৭(১) ধারায়ও অভিযোগ প্রযোজ্য বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।