খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন, বোর্ডের পরামর্শে সিদ্ধান্ত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে তিনি লন্ডনে চিকিৎসার জন্য কখন রওনা দেবেন, তা নির্ভর করছে মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং তার বর্তমান শারীরিক অবস্থার ওপর।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। পাশাপাশি মেডিক্যাল বোর্ড ও সিনিয়র চিকিৎসকরাও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকারের একটি এয়ার অ্যাম্বুল্যান্স আসার কথা ছিল, কিন্তু সেটিতে কারিগরি ত্রুটি থাকায় তা আসেনি। এছাড়া, ওই সময় মেডিক্যাল বোর্ড জানিয়েছিল যে খালেদা জিয়া তখন উড়োজাহাজে ভ্রমণের উপযুক্ত অবস্থায় ছিলেন না।
তিনি জানান, বর্তমানে বিষয়টি সম্পূর্ণভাবে তার শারীরিক উন্নতি ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বোর্ড অনুমতি দিলেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর পাশাপাশি এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।