বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঅর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে তাসনিম জারার ব্যতিক্রমী নির্বাচন প্রচারণার ঘোষণা

অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে তাসনিম জারার ব্যতিক্রমী নির্বাচন প্রচারণার ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
অর্থনির্ভর রাজনীতির বিরুদ্ধে তাসনিম জারার ব্যতিক্রমী নির্বাচন প্রচারণার ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে প্রচলিত অর্থনির্ভর রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বেচ্ছাসেবক-নির্ভর প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।


শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তিনি ঢাকা-৯ আসনে মনোনয়ন চেয়েছেন এবং নির্বাচনী আইনে নির্ধারিত সীমা ছাড়িয়ে এক টাকাও ব্যয় করবেন না।


তাসনিম জারা বলেন, দেশে যদিও প্রার্থী আইন অনুযায়ী সর্বোচ্চ ২৫ লাখ টাকা খরচ করতে পারেন, বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে বহু গুণ বেশি অর্থ ব্যয় করা হয়। তিনি জানান, এই অসততা ও মিথ্যার রাজনীতিতে তিনি যুক্ত হতে চান না।


স্বল্প বাজেটে প্রচারণার পরিকল্পনা নিয়ে তিনি বলেন, অনেকেই এটিকে অসম্ভব বলে মন্তব্য করেছেন, তবে তিনি স্বচ্ছতা বজায় রেখে প্রমাণ করতে চান যে সততার ভিত্তিতে নির্বাচন করা সম্ভব। তিনি জানান, নির্বাচনের আগে থেকেই কত অর্থ এসেছে এবং তা কোথায় খরচ হচ্ছে—সবই প্রকাশ করা হবে।


তাসনিম জারা আরও বলেন, এই প্রচারণায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তিনি জানান, যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, সেগুলো তাদের টিম করবে মানুষের সময়, শ্রম এবং অংশগ্রহণ দিয়ে। এজন্য তিনি একটি ফর্মের লিংক শেয়ার করেছেন, যেখানে আগ্রহীরা জানাতে পারবেন কীভাবে তারা প্রচারণায় যুক্ত হতে চান—গ্রাফিক ডিজাইন, ভিডিও শুটিং, উঠান বৈঠক আয়োজন, বাসায় গিয়ে প্রচার, কিংবা ফান্ড সংগ্রহ—যেকোনোভাবেই সহযোগিতা করা যাবে।


তিনি বলেন, মাত্র দুই মিনিট সময় নিয়ে ফর্মটি পূরণ করা যাবে। স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় তিনি নাগরিকদের সঙ্গে নিয়ে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চান।