সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

favicon
অনলাইন সংস্করণ
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতের প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির–এর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।


রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


মামলার অভিযোগে বলা হয়েছে, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং ইসলাম ধর্মীয় আচার-অনুষ্ঠান জনগণের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। মুসলমানরা বিশ্বাস করেন, আল্লাহর কোনো আকৃতি নেই এবং তাঁর সন্তুষ্টির জন্য রোজা পালন করা হয়—যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন।


অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর মূর্তি স্থাপন করে পূজা করলেও রোজার সঙ্গে পূজার তুলনা গ্রহণযোগ্য নয়। এ ধরনের তুলনা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করতে পারে।


বাদীপক্ষ দাবি করে, শিশির মনির ইউটিউব চ্যানেল ডিএসএন-এ প্রকাশিত এক ভিডিওতে রোজা ও পূজাকে “একই মুদ্রার এপিঠ-ওপিঠ” হিসেবে উল্লেখ করেছেন, যা মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাসে সরাসরি আঘাত হানে। অভিযোগে আরও বলা হয়, তিনি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক লাভের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন, যার ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে।