সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতরোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলা: আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলা: আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলা: আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মামলার ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।


মামলাটির সাক্ষ্যগ্রহণ হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ সকালেই কার্যক্রম শুরু করবে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন—এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।


ইতোমধ্যেই কয়েক দফায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ ২১ নম্বর সাক্ষীর জেরা নেওয়া হয় ২৭ নভেম্বর। এর আগে ২৮ আগস্ট নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সাক্ষ্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই দিনে একজন সাংবাদিকও সাক্ষ্য দেন। মামলায় মোট ৬২ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে।


৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠনের পর ২৭ আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদের মধ্যে ২৪ জন এখনো পলাতক, যাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী শুনানি করছেন।


মামলার অভিযোগপত্র ৩০ জুন আমলে নেওয়া হয়, আর তদন্ত প্রতিবেদন জমা পড়ে ২৪ জুন। এরপর আসামিদের পৃথক শুনানি শেষে আজকের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত হয়।