গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি
গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।
গত রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ শুনানির দিন নির্ধারণ করেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলাটিতে শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই-এর পাঁচ সাবেক মহাপরিচালকসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন উপস্থাপন করা হবে।
এর আগে, আওয়ামী লীগ সরকার আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলায় গত ৮ অক্টোবর শেখ হাসিনা এবং আরও ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরোয়ানাভুক্ত আসামিদের ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত তারিখে সেনাবাহিনীর সংশ্লিষ্ট আসামিরা হাজির হলে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গুমের দুই মামলায় কারাগারে পাঠানো ১৩ সেনা কর্মকর্তা হলেন—
• র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম
• ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার
• ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান
• ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম
• ব্রিগেডিয়ার কে এম আজাদ
• কর্নেল আবদুল্লাহ আল মোমেন
• কর্নেল আনোয়ার লতিফ খান
• লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান
• লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন
• লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম
• মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন
• ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
• ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী
আজকের শুনানিতে এসব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে।