আইজিপি অপসারণের দাবিতে শাহবাগ অবরোধে শহীদ পিন্টু স্মৃতি সংসদ
রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে সংগঠনটির নেতাকর্মী ও বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষ শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, “শহীদ পিন্টু হত্যার ন্যায়বিচারের দাবিতেই আমরা শাহবাগ অবরোধ করেছি। আমরা চাই অবিলম্বে আইজিপিকে পদচ্যুত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন অবরোধ করে আন্দোলন করায় শাহবাগ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর সহধর্মিণী নাসিমা আক্তার কল্পনা অভিযোগ করেন, পিন্টু “পরিকল্পিতভাবে হত্যা”র শিকার হয়েছেন। তিনি দাবি করেন, পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশ হওয়ার পর আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রতিবাদ সভায় নাসিমা আক্তার আরও বলেন, আদালতের চিকিৎসার নির্দেশ অমান্য করে তার স্বামীকে রাজশাহী কারাগারে পাঠানো হয়, রিমান্ডে শারীরিক নির্যাতনের ফলে তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসার আদেশও উপেক্ষা করা হয়।