পুরান ঢাকার লালবাগে পূর্ব শত্রুতার জেরে কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা
পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. হোসেন (২৪) নামে এক কারখানা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হোসেন এমিটেশন গয়না তৈরির একটি কারখানায় কাজ করতেন। মঙ্গলবার (আজ) বিকেলে মসজিদ গলিতে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত মো. হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা এবং লালবাগের শহীদ নগর ২ নম্বর গলিতে পরিবারসহ ভাড়া থাকতেন।
নিহতের বোন সুরাইয়া আক্তারের অভিযোগ, এলাকার চিহ্নিত বখাটে আবির পূর্ব শত্রুতার জের ধরে তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। তিনি জানান, গতকাল, সোমবার, একটি তুচ্ছ বিষয় নিয়ে আবিরের সঙ্গে হোসেনের বন্ধু নিরবের কথা কাটাকাটি হয়। সেখানে বন্ধু নিরবের পক্ষ নেওয়ায় হোসেনের সঙ্গেও আবিরের হাতাহাতি হয়। সে সময় বিষয়টি সাময়িকভাবে মিটমাট হলেও আবির তা মেনে নিতে পারেনি।
এরই জেরে, মঙ্গলবার বিকেলে কারখানা থেকে বাসায় ফেরার পথে মসজিদ গলিতে হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় আবির। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রাখা হয়। পরে স্বজনরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
নিহতের পরিবার ও বন্ধু নিরব ওই এলাকায় ভাড়াটিয়া হলেও অভিযুক্ত হামলাকারী আবির স্থানীয় স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।