চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান: ১০৭ দোকানপাট গুঁড়িয়ে দখলমুক্ত ২৬ শতাংশ জমি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে প্রায় ২৬ শতাংশ জমি দখলমুক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চৌমুহনী রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষের এই অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, অভিযানে চৌমুহনী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এবং ইসলাম মার্কেটের সামনের রাস্তার পাশে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী মোট ১০৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। গুঁড়িয়ে দেওয়া স্থাপনাগুলোর মধ্যে ছিল মোবাইল মেরামতের দোকান, কাপড়ের দোকান ও হোটেলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী নিশ্চিত করেন, রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে এই অভিযান চালানো হয় এবং এর মাধ্যমে ১০৭টি স্থাপনা ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে রেলওয়ের পক্ষ থেকে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা আকবর হোসেন মুজুমদার, রেলওয়ের কানুনগো, স্টেশন মাস্টার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।