চার বছর পর মহিউদ্দিন হত্যা মামলার আসামি ডিউক গ্রেপ্তার, র্যাবের অভিযান
চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আইনুল আলম ডিউককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত ডিউক বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহরের জাহাঙ্গীর আলমের ছেলে।
এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন বরখানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন হত্যা মামলার আসামি আইনুল আলম ডিউককে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে বন্দর থানার মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে প্রধান শিক্ষকের কক্ষে বৈঠক চলাকালে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত মহিউদ্দিনের মা নুর সেহের বেগম বাদী হয়ে হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে উঠে আসে, বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল এই হত্যাকাণ্ড ঘটায় এবং পরে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে পালিয়ে যায়। ২০১৮ সালের ২২ জুলাই হাজী ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবাল, মেয়ে জামাই এবং ভাইসহ মোট ২০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
মামলার সর্বশেষ অবস্থা অনুযায়ী, চার্জশিটভুক্ত মূল অভিযুক্তদের অনেকেই এখনও পলাতক। হাজী ইকবালের ছেলে জামিনে এসে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছেন। এমনকি প্রধান আসামি হাজী ইকবালও বর্তমানে জামিনে এসে পলাতক রয়েছেন বলে জানা গেছে।