মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: প্রধান আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, জোড়া খুনের সঙ্গে জড়িত থাকায় আয়েশাকে ঝালকাঠি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)-কে হত্যা করে পালিয়ে যান গৃহকর্মী আয়েশা।
হত্যাকাণ্ডের পরদিন রাতে নিহত লায়লার স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টার দিকে তিনি উত্তরাস্থ স্কুলের উদ্দেশে বাসা ছাড়েন। সেখানে থাকা অবস্থায় স্ত্রীকে ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বাসায় ফিরে দেখেন স্ত্রী ও মেয়ের নিথর দেহ রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা কাজের জন্য বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তিনি একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালান।
সুরতহাল প্রতিবেদনে জানা যায়, লায়লা ফিরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার শরীরে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের পর মা ও মেয়ের মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।