প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিচার বিভাগের স্বাধীনতায় প্রশংসা
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে জার্মান রাষ্ট্রদূত প্রধান বিচারপতির শপথের পর বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগ ও তার সফল বাস্তবায়নের প্রশংসা করেন। পাশাপাশি প্রধান বিচারপতির প্রচেষ্টায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন, দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান প্রধান বিচারপতির গৃহীত পদক্ষেপ ভবিষ্যতেও পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে। তিনি জানান, একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রধান বিচারপতি জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের অঙ্গীকার বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাক্ষাৎকালে দুই দেশের বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা ও মিথস্ক্রিয়া বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়।