প্রধান বিচারপতির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিচার বিভাগের সংস্কারে প্রশংসা
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল প্রধান বিচারপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণে প্রধান বিচারপতির নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিষয়টি সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে প্রধান বিচারপতির প্রচেষ্টায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি তিনি উচ্চপ্রশংসা করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপ ভবিষ্যতে দেশের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
এ সময় তিনি জানান, শক্তিশালী বিচার বিভাগ গঠনে জার্মানি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রধান বিচারপতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি দুই দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।