তানোরে গভীর গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারে টানা অভিযান, এখনো নিখোঁজ
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, তিনটি এক্সকাভেটর দিয়ে মূল গর্তের পাশেই প্রায় ৪০ ফুট গভীর একটি বিকল্প গর্ত তৈরি করা হয়েছে। এখন সেই পথ ধরে মূল বোরিং পর্যন্ত পৌঁছানোর চেষ্টা চলছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাজিদ তার মায়ের হাত ধরে ধান কাটার জমিতে হাঁটার সময় হঠাৎ গর্তে পড়ে যায়। সে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবের ছেলে। রাকিব ঢাকার একটি জুট মিলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
ঘটনার পর শিশুটির সাড়া কিছুক্ষণ পাওয়া গেলেও পরে তা মিলিয়ে যায়। বিকেল থেকে উদ্ধার অভিযান শুরু হলে হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় করেন, এতে উদ্ধার কাজে বেশ ভোগান্তির সৃষ্টি হয়। প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম।
স্থানীয়রা জানান, এ এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নামায় নতুন গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবুও একজন স্থানীয় বাসিন্দা পানি আছে কি না দেখতে কয়েক মাস আগে গর্ত খনন করে পরে তা ভরাট করেন। বর্ষায় মাটি দেবে গিয়ে আবার গর্ত সৃষ্টি হয় এবং সেখানেই শিশুটি পড়ে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “আমাদের টিম অনুসন্ধান চালাচ্ছে। ৪০ ফুটের মধ্যে না পেলে আমরা বিকল্প পদ্ধতিতে যেতে বাধ্য হবো, তবে সে ক্ষেত্রে শিশুটিকে জীবিত পাওয়ার সম্ভাবনা কমে যাবে।” তিনি আরও জানান, শিশুটি কাছাকাছি কোথাও আটকা পড়ে থাকতে পারে, কিন্তু এখনো অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে, এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে।