বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

favicon
ভোরের আলো ডেস্ক:
তালায় খাবারে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের মোকসুদপুর গ্রামে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে এক পরিবারকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সাধন দাশের বাড়িতে এই চুরি সংঘটিত হয়। ভুক্তভোগীর দাবি, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।


সাধন দাশ জানান, রাতে খাবার খেতে বসলেও মেয়ের বিরক্তির কারণে তারা ঠিকমতো খেতে পারেননি। তবে সামান্য খাবার খাওয়ার পরই অতিরিক্ত ঘুমে তারা নিজ নিজ ঘরে চলে যান। পরে অচেতন অবস্থায় থাকা অবস্থাতেই চোরেরা গেটের তালা কেটে ঘরে প্রবেশ করে বাড়ির সদস্যদের গায়ে থাকা স্বর্ণালংকার, আলমারির ভেতরের গহনা, নগদ টাকা এবং বারান্দায় রাখা মোটরসাইকেল নিয়ে যায়।


রাত ২টার দিকে সাধন দাশের ঘুম ভাঙলে তিনি অসাড় দেহে দেখতে পান বারান্দায় মোটরসাইকেল নেই এবং গেটের তালা ছিঁড়ে পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে স্ত্রী, কন্যা ও শ্বশুরকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে আলমারি খুলে দেখা যায় ভেতরে রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থও চুরি হয়েছে। কিছুক্ষণ পর এলাকাবাসী জানায়, তার মোটরসাইকেলটি রাস্তার ধারে পড়ে আছে।


সাধন দাশ বলেন, “৭ ভরি স্বর্ণসহ মোট প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই চুরিতে আমরা নিঃস্ব হয়ে গেছি। থানায় লিখিত অভিযোগ দেব।”


পাটকেলঘাটা থানার ওসি মো. লুৎফুল কবির জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জেনেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।