বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশফতুল্লায় সৌদিপ্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

ফতুল্লায় সৌদিপ্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
ফতুল্লায় সৌদিপ্রবাসীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজাম উদ্দিন (২৫) নামে এক সৌদিপ্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের বাড়ির পঞ্চম তলার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রী মনিরা বেগমকে (২১) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


নিহত নিজাম উদ্দিন দিনাজপুরের খানসামা উপজেলার আড়াজি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে হাজীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন। একই ভবনের চতুর্থ তলায় তার শ্বশুর ও শাশুড়ি থাকতেন।


নিজামের স্ত্রী মনিরা জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সৌদি আরব থেকে দেশে এসে বাসায় ওঠেন নিজাম। বুধবার মধ্যরাতে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে নিজাম ডিভোর্সের প্রসঙ্গ তুললে মনিরাও সম্মতি দেন। পরে তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, স্বামী গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। মনিরার অভিযোগ, তিনি স্বামীকে হাসপাতালে নিতে চাইলে শ্যালক মইনুদ্দিন এবং আত্মীয় আশরাফুল তাকে বাধা দেয়।


এদিকে নিহত নিজামের বড় ভাই মইনুদ্দিন দাবি করেন, রাতে খবর পেয়ে তিনি এসে দেখেন, ভাইয়ের মরদেহ বিছানায় পড়ে আছে এবং নাক–মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।


ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা জানতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।