ভোররাতে নির্বাচন কার্যালয়ের স্টোররুমে আগুন, নথিপত্র পুড়ে গেছে
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোররুমে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরিহিত এক যুবক দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, যুবকটি গেইটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর ভেতর থেকে আগুনের শিখা দেখা যায়। এরপর সে আবার দেয়াল টপকে পালিয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, যুবকটি জানালার কাঁচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার করলে অভিযুক্ত যুবকটি পালিয়ে যায়।
অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, নির্বাচন কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।