বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিএভারকেয়ার হাসপাতালে শরিফ ওসমান হাদি: ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন, অবস্থা আশঙ্কাজনক

এভারকেয়ার হাসপাতালে শরিফ ওসমান হাদি: ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন, অবস্থা আশঙ্কাজনক

favicon
ভোরের আলো ডেস্ক:
এভারকেয়ার হাসপাতালে শরিফ ওসমান হাদি: ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন, অবস্থা আশঙ্কাজনক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।


শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল। তিনি জানান, শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অপারেশনের পর উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।


মেডিক্যাল বোর্ড জানায়, অপারেশন সম্পন্ন হওয়ার পর এখন তাকে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ম্যানেজ করা হচ্ছে এবং ব্রেন প্রটেকশন প্রটোকল অনুসরণ করা হচ্ছে। রোগীর ফুসফুসে আঘাত থাকায় ভেন্টিলেটর সাপোর্ট ও চেস্ট ড্রেইন চালু রাখা হয়েছে, যাতে সংক্রমণ বা এআরডিএসের ঝুঁকি এড়ানো যায়।


বিবৃতিতে আরও বলা হয়, কিডনির কার্যক্ষমতা উন্নতির দিকে রয়েছে এবং রক্ত জমাট ও রক্তক্ষরণের জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ব্রেন স্টেমে আঘাতের কারণে তার রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা হচ্ছে, যা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।


মেডিক্যাল বোর্ড জানায়, বর্তমানে শরিফ ওসমান হাদির সামগ্রিক শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোগীর চিকিৎসায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট সব চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


একই সঙ্গে অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, ভুল তথ্য বা অনুমান থেকে বিরত থাকা এবং রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়েছে। মেডিক্যাল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে।