অবসর পূর্বে ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
অবসর গ্রহণের আগে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ি অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করবেন।
এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ডিসেম্বর রবিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে।
অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ি অভিভাষণ প্রদান করবেন।
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি ২০২৪ সালের ১১ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে প্রথম শ্রেণিতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি একজন অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সঙ্গে কাজ করেছেন। পেশাগত জীবনে তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত এবং বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সন্তান। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ দুইবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।