‘শাপলা শালুক’-এর শুটিং শেষ, অপু বিশ্বাসের বিপরীতে ‘দুর্বার’-এ আব্দুন নূর সজল
‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এই সিনেমা শেষ করেই চলতি মাসের মাঝামাঝিতে নতুন সিনেমা ‘দুর্বার’-এর শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। এতে প্রথমবারের মতো সজলের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস।
‘শাপলা শালুক’ সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, পরিচালক অত্যন্ত যত্ন ও মনোযোগের সঙ্গে সিনেমাটির কাজ করেছেন। শেরপুরের সীমান্তবর্তী একটি গ্রামে শুটিং হয়েছে এবং সম্প্রতি শেষ লটের কাজ সম্পন্ন হয়েছে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পেরে তিনি সন্তুষ্ট বলেও জানান।
শবনম বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সজল বলেন, বুবলী খুবই সিনসিয়ার ও দায়িত্বশীল একজন শিল্পী। প্রথমবার একসঙ্গে কাজ করলেও তাদের বোঝাপড়ায় কোনো অসুবিধা হয়নি।
এদিকে ‘দুর্বার’ সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এটি একটি থ্রিলারধর্মী সিনেমা বলে জানিয়েছেন সজল। তার ভাষায়, সিনেমাটিতে বেশ কিছু চমক রয়েছে, যা দর্শকদের আকৃষ্ট করবে বলে তিনি আশা করছেন।
প্রথমবার অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল বলেন, অপু বিশ্বাস একজন অভিজ্ঞ অভিনেত্রী। চুক্তি স্বাক্ষরের পর তারা রিহার্সাল করেছেন এবং তিনি ভীষণ আন্তরিক ও সহযোগিতাপরায়ণ। সংলাপ ডেলিভারি ও চরিত্র বোঝার ক্ষেত্রে তার দক্ষতা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
সজল আরও জানান, অপু বিশ্বাসের সঙ্গে ‘দুর্বার’-এর শুটিং দিয়েই চলতি বছরের কাজ শেষ হবে তার। পাশাপাশি তিনি আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সজল বলেন, ২০২৬ সালকে তিনি সিনেমার বছর হিসেবে দেখতে চান। তাড়াহুড়া নয়, বরং ভিন্নধর্মী চরিত্র ও নতুন গল্পের কাজেই মনোযোগ দিতে চান তিনি।