মুক্তির আগেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কুইন ২’ মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে। মূল সিনেমা ‘কুইন’–এর মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস মুম্বাই হাইকোর্টে মামলা করেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি জিওস্টার-এর বিরুদ্ধে ২৫০ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ‘কুইন’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ‘কুইন ২’–এর শুটিং শুরু হয়। সম্প্রতি সিনেমাটির চিত্রধারণ শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। শুটিং শেষ হওয়ার খবর প্রকাশের পরই আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফ্যান্টম স্টুডিওস।
প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতে যাওয়ার আগে একাধিকবার জিওস্টার ও পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। পাশাপাশি আপত্তি জানিয়ে আইনি নোটিশও পাঠানো হয়। তবে কোনো তবে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে হয়েছে।
ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ সিনেমার ৫০ শতাংশ মেধাস্বত্ব এখনও তাদের মালিকানায় রয়েছে। ফলে ওই সিনেমার সিক্যুয়েল বা নতুন কোনো অভিযোজন নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি বাধ্যতামূলক। চলতি বছরের এপ্রিল মাসে দেওয়া এক বিজ্ঞপ্তিতেও প্রতিষ্ঠানটি জানায়, ‘কুইন’–এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা নতুন সংস্করণ নির্মাণের অনুমতি তারা কাউকে দেয়নি।
উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জনের পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। সিনেমাটি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে এবং এতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউত সেরা অভিনেত্রীর সম্মান লাভ করেন।
সে সময় সিনেমাটির যৌথ প্রযোজক ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স ও ফ্যান্টম ফিল্মস। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা এবং বিকাশ বহলের প্রতিষ্ঠিত ফ্যান্টম ফিল্মস ২০১৮ সালে বন্ধ হয়ে যায়।
পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে প্রতিষ্ঠানটি নতুনভাবে যাত্রা শুরু করে।