রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিনোদনশিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি শাকিব খান, জানা গেল কারণ

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি শাকিব খান, জানা গেল কারণ

favicon
ভোরের আলো ডেস্ক:
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি শাকিব খান, জানা গেল কারণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দেয়।


জানা গেছে, নির্বাচনের সময় শাকিব খান দেশে ছিলেন না। ভোটগ্রহণের আগের দিন বৃহস্পতিবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি তার।


ঘনিষ্ঠ সূত্রের দাবি, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান তিনি। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।


এ ছাড়া, যুক্তরাষ্ট্রে তার সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অভিবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা। গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও এ সফর গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।


এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।


উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।