‘আমি সালমান খানের মতো বড় তারকা নই’: দুলকার সালমান
সিনেমার ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে তারকাখ্যাতি গুরুত্বপূর্ণ হলেও শুধু জনপ্রিয়তার ওপর নির্ভর করে একটি সিনেমাকে সফল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ভালো গল্প, আকর্ষণীয় বিষয়বস্তু এবং নির্মাণের মান। এমনটাই মনে করেন ভারতের দক্ষিণী অভিনেতা দুলকার সালমান।
নিজের তারকাখ্যাতির প্রসঙ্গ টেনে বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয়তার উদাহরণও দিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দুলকার বলেন, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য তিনি নিজেকে যথেষ্ট মনে করেন না। তাঁর ভাষায়, ‘আমি মনে করি না, একটি সিনেমাকে ব্যবসাসফল করার জন্য আমিই যথেষ্ট। এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। ভালো বিষয়বস্তু এবং গল্পের সত্যতা ও সততাও গুরুত্বপূর্ণ।’
সাক্ষাৎকারে সালমান খানের তারকাখ্যাতি নিয়েও কথা বলেন দুলকার। তাঁর মতে, সালমানের সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বড় পরিসরে দর্শক পায়। শুধু তা-ই নয়, তাঁর সিনেমা প্রেক্ষাগৃহে দীর্ঘ সময় ধরে চলে। দীর্ঘদিনের কাজ ও পরিশ্রমের মাধ্যমে দর্শকের মধ্যে এমন গ্রহণযোগ্যতা তৈরি করেছেন সালমান।
দুলকার বলেন, সালমানের সিনেমা মুক্তির পর বড় অঙ্কের উদ্বোধনী আয় করে এবং দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তাঁর এমন জনপ্রিয়তা খুবই বিরল। বহু বছর ও কয়েক দশকের পরিশ্রমের মাধ্যমেই সালমান এই অবস্থান তৈরি করেছেন।
মালয়ালম চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মামুট্টির ছেলে দুলকার সালমান। বাবার পরিচিতি থাকলেও অভিনয়জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। মালয়ালমের পাশাপাশি তামিল, তেলেগু ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেতা।
বক্স অফিসেও সাফল্য পেয়েছে দুলকারের বেশ কয়েকটি সিনেমা। তাঁর অভিনীত ‘লাকি ভাস্কর’ বিশ্বজুড়ে প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ রুপি আয় করেছে। অন্যদিকে, তাঁর প্রযোজিত ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’ আয় করেছে প্রায় ৩০১ কোটি রুপি।
একাধিক ভাষার চলচ্চিত্রে কাজ এবং বক্স অফিসে সাফল্য পাওয়ার পরও নিজের তারকাখ্যাতিকে সিনেমার ব্যবসায়িক সাফল্যের একমাত্র ভিত্তি মনে করেন না দুলকার সালমান। তাঁর মতে, একটি সিনেমার সাফল্যের পেছনে ভালো গল্প, বিষয়বস্তু ও নির্মাণের মানও সমান গুরুত্বপূর্ণ।