মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় গ্রেফতার ১৫ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় গ্রেফতার ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে।
এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এদিকে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জন আসামির পক্ষে তাদের আইনজীবীরা শুনানি করবেন। এ মামলায় সাতজন আসামি পলাতক রয়েছেন।
এ ছাড়া রামপুরায় ২৮ জন হত্যার মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির পক্ষেও আজ শুনানি অনুষ্ঠিত হবে। এ মামলায় রেদোয়ানুল ইসলাম ও সেনা কর্মকর্তা রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন, আর বাকি দুই আসামি পুলিশ কর্মকর্তা পলাতক আছেন।