শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিশরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ও সহযোগীদের শনাক্ত, সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি পুলিশের হাতে

শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ও সহযোগীদের শনাক্ত, সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি পুলিশের হাতে

favicon
ভোরের আলো ডেস্ক:
শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ও সহযোগীদের শনাক্ত, সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি পুলিশের হাতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগীদের শনাক্ত করেছে পুলিশ। প্রধান সন্দেহভাজন ব্যক্তির ট্রাভেল হিস্ট্রি ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে এসেছে। পাশাপাশি হামলাকারীর সহযোগীদের অবস্থান শনাক্তের কাজেও পুলিশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।


রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্দেহভাজনদের অবস্থান দেশের ভেতরে একাধিকবার শনাক্ত করা হলেও তারা বারবার স্থান পরিবর্তন করায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান পর্যালোচনায় দেখা গেছে—তিনি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। হামলার সঙ্গে জড়িত থাকতে পারে—এমন আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।


এছাড়া হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা চলছে। প্রধান সন্দেহভাজনসহ সংশ্লিষ্টরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তাদের ছবি ও প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।