বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশজামায়াত নেতাদের আমন্ত্রণে মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন মুক্তিযোদ্ধাদের

জামায়াত নেতাদের আমন্ত্রণে মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন মুক্তিযোদ্ধাদের

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত নেতাদের আমন্ত্রণে মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন মুক্তিযোদ্ধাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ার প্রতিবাদে নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পরে তারা শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলন করেন।


রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১১টার দিকে উপজেলা অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।


সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতাদের মঞ্চে স্থান দেওয়ায় তারা আলোচনা সভা বর্জন করেছেন। তাদের ভাষ্য, যারা মুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত ছিল, তাদের সঙ্গে একই মঞ্চে বসা সম্ভব নয় এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।


তারা আরও জানান, আলোচনা সভায় জামায়াত নেতাদের আমন্ত্রণ না জানাতে আগেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অনুরোধ করা হয়েছিল। তবে সেই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধারা সভায় কিছুটা দেরিতে আসায় তাদের জন্য আলাদা চেয়ার রাখা হয়েছিল। তবে তারা সেখানে না বসে হলরুম ত্যাগ করেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব এবং মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্যসচিব গোলাম মোস্তফাসহ অন্যরা।