সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতশরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রীসহ তিনজন আটক

শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রীসহ তিনজন আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রীসহ তিনজন আটক

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন—ফয়সল করিমের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, রবিবার সন্ধ্যার পর পৃথক অভিযানে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।


তিনি আরও জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গুলির ঘটনার আগে ও পরে ফয়সল করিমের সঙ্গে তাদের ঘনঘন ফোনে যোগাযোগ ছিল। এ কারণে হামলায় তাদের সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে র‌্যাব। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।


এদিকে, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ঘটনার দুই দিন পর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে একজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।


এর মধ্যে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রোববার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া আততায়ী পালিয়ে যাওয়ার আশঙ্কায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে আরও তিনজনকে আটকের তথ্য দেয় র‌্যাব।


র‌্যাব জানায়, আটক তিনজনের কাছ থেকে মূল অভিযুক্ত ফয়সল করিমের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।