বুধবার , ২১ অক্টোবর ২০২৬
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
রাউজানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩০ বছর পর গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি রাউজান উপজেলার সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে আবু তাহের।


সোমবার (১৫ ডিসেম্বর) পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআই মো. মামুন ভূইয়া, এএসআই সানুমং মারমা ও সংশ্লিষ্ট ফোর্স অংশ নেন।


মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকালে উত্তর কচুখাইন এলাকার মৃত জোবায়দুল হকের ছেলে এমদাদুল হক ওরফে খোকনকে তার বসতঘর থেকে জোরপূর্বক বের করে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে প্রধান আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।


তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।


পুলিশ জানায়, রায়ের পর থেকেই আবু তাহের দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।