কর্মসংস্থানের অভাবে যুবসমাজ মাদকে জড়াচ্ছে: ড. মোবারক হোসাইন
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন বলেছেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব রয়েছে। অতীতে বিএনপি বা জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে অনেকের চাকরি হতো না, বৈষম্যের শিকার হতে হতো। এর ফলেই দিন দিন বেকারত্ব বেড়েছে এবং সঠিক কর্মসংস্থানের অভাবে যুবক ও তরুণরা মাদকের দিকে ঝুঁকছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোবারক হোসাইন বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি। যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার অপব্যবহার করে। এই দুর্নীতি বন্ধ করা গেলে বাংলাদেশ স্বাভাবিকভাবেই অনেক দূর এগিয়ে যাবে। আমাদের দেশে পর্যাপ্ত প্রাকৃতিক ও মানবসম্পদ রয়েছে—মাটির নিচে ও ওপরে—কিন্তু সেগুলো সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া থেকে মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। গত ৫৪ বছরে কেউ এটি পারেনি, কিন্তু আমরা ইনশাআল্লাহ পারব। তিনি অভিযোগ করে বলেন, অনেকেই নিজেরাই মাদকের সঙ্গে জড়িত থেকেও মাদক নির্মূলের কথা বলেন। জামায়াত কথা দিচ্ছে—এই উপজেলায় যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে এবং সীমান্তবর্তী এলাকায় কীভাবে মাদক প্রবেশ করে, তার শেষ দেখে ছাড়া হবে না।
ড. মোবারক হোসাইন আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীককে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সবার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ে তোলা হবে।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর শাহজালাল, ছাত্রশিবির বুড়িচং উপজেলার সাবেক সভাপতি রাকিবুল হাসান, প্রবাসী মো. জসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।