পদ্মা সেতুতে বাস সংঘর্ষে ১ হেলপার নিহত, ১৫ যাত্রী আহত
পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সেতুর জাজিরা প্রান্তে ২৯ নম্বর পিলারের কাছে।
নিহত হেলপারের নাম মো. তোফায়েল মিয়া (২৭)। তিনি মাদারীপুরের দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতি পরিবহনের একটি বাস সেতুর ওপর পৌঁছালে, পেছন থেকে ঢাকা-কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বসুমতি পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হন এবং স্থানীয়দের সহায়তায় তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার কারণে পদ্মা সেতুতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় দ্রুত তা স্বাভাবিক হয়। পুলিশ বাস দুটি জব্দ করেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির আহমেদ কালের কণ্ঠকে বলেন, “ভাঙ্গাগামী বসুমতী পরিবহনের বাস চলমান অন্য বাসের পেছনে ধাক্কা দেয়। এতে হেলপার তোফায়েল মিয়া নিহত হন। আহতদের চিকিৎসা চলছে, এবং বাস দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”