লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: দগ্ধ হয়ে শিশুর মৃত্যু, আশঙ্কাজনক ৩
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার এক নৃশংস ঘটনায় দগ্ধ হয়ে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা বেগম বিনতি।
ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং তার দুই শিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করলেও দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিথি ও স্মৃতির শরীরের অধিকাংশ অংশই পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরটিতে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।