গজারিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে তরুণ খুন, মাদকাসক্তদের বিরুদ্ধে হত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে জান্নাত হোসেন (২৭) নামের এক তরুণ নৃশংসভাবে খুন হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, সকালে প্রতিবেশী শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক ও রিয়াদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হলে জান্নাত তা মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর দুই ভাই বিচারের কথা বলে জান্নাতকে তাদের ঘরে ডেকে নিয়ে যায়। জান্নাত ঘরে প্রবেশ করা মাত্রই পূর্ব বিরোধের জেরে দুই ভাই মিলে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নিহতের পরিবারের অভিযোগ, সীমানা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে পরিকল্পিতভাবে জান্নাতকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।