এনসিপি নেতাকে হত্যার হুমকির অভিযোগে হাতিয়ায় যুবক আটক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। আটক অমি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
জানা গেছে, গত ১৮ ডিসেম্বর ফেসবুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা মেসেঞ্জারে মাসউদ ও তার সহযোগীদের উত্তরাঞ্চলে চলাচলে বাধা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এই ঘটনায় অমি ছাড়াও সাবেক চেয়ারম্যানসহ আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, মূল হোতাকে আটকের পর বাকিদের বিষয়েও অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।