বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মবসন্ত্রাস বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মবসন্ত্রাস বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

favicon
ভোরের আলো ডেস্ক:
মবসন্ত্রাস বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা মবসন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার সাত বছরের কন্যাসন্তান আয়েশা সানজুকে হত্যার মতো নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এই কর্মসূচি থেকে। মিছিলে নেতাকর্মীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’ ও ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন সব স্লোগান দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা মবসন্ত্রাস রুখতে এবং এর নেপথ্যে থাকা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।