ত্রয়োদশ সংসদ নির্বাচন: বগুড়ায় বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র নিলেন লালু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য ও নির্বাচনী সমন্বয়ক হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহের সময় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
হেলালুজ্জামান তালুকদার লালু জানান, বেগম খালেদা জিয়া এই আসন থেকে ইতিপূর্বে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দাবি করেন, এবার গাবতলী ও শাজাহানপুরের সাধারণ মানুষ তাকে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ভোটে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় চেয়ারপারসনের প্রার্থিতা ঘোষণার মাধ্যমে এই আসনে নির্বাচনী আমেজ নতুন মাত্রা পেয়েছে।