নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, অরাজকতা দমনে কঠোর হুঁশিয়ারি বিএনপির
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন যে, দেশকে অস্থিতিশীল করা এবং আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ভারত থেকে শেখ হাসিনা হাদিকে হত্যার নির্দেশ দিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুকের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।
টুকু আরও বলেন, যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এছাড়া আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে সারাদেশে আনন্দের জোয়ার বইবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।