ফেব্রুয়ারিতেই নির্বাচন চান জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার ফজর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এই লক্ষ্য অর্জনে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি জোর দিয়ে বলেন যে, নির্বাচনটি যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং জনমতের প্রকৃত প্রতিফলন হয়, সেদিকেই সবার নজর দেওয়া উচিত। এখানে অন্য কোনো চিন্তার অবকাশ নেই।
শহীদ শরিফ ওসমান হাদি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, হাদি ও তাঁর সহযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির পক্ষে কথা বলতেন। যারা তাঁকে হত্যা করেছে, তারা মূলত দেশেরই শত্রু। তিনি হাদিকে কোটি তরুণের প্রাণের দ্রোহের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, কোনো অপশক্তিকে আর দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তারে সরকারের নেওয়া পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। তিনি অতি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, হাদির মতো নিরপরাধ বিপ্লবীর খুনিরা যদি পার পেয়ে যায়, তবে দেশের কোনো নাগরিকের জীবনই নিরাপদ থাকবে না।