পুলিশের পেশাদারত্ব নিয়ে এখনো আশাবাদী হওয়া যাচ্ছে না: ইফতেখারুজ্জামান
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নৈতিক ও পেশাগতভাবে ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গতকাল রবিবার রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে ‘ট্রেনিং অন ইলেকশন রিপোর্টিং অ্যান্ড সেফটি অব দ্য জার্নালিস্ট’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিনের দলীয়করণের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ আমরা এখনো গড়ে তুলতে পারিনি। মাঠ পর্যায়ে অনেক সময় আইন প্রয়োগের ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যার দায়ভার আমাদের সবার। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশ বাহিনীর পক্ষে সর্বোচ্চ পেশাদারত্ব দেখানো এখনো সম্ভব হয়ে ওঠেনি, তবে তারা যেন কোনোভাবেই আর দলীয়ভাবে প্রভাবিত না হয়—এটাই এখন বড় প্রত্যাশা।
নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রবণতা এখনো বিদ্যমান। বিশেষ করে যাদের হাতে ক্ষমতা থাকে, তারাই বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা সেই একই চিত্র দেখছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনকে যথাযথভাবে বোঝাতে টিআইবি আবারও কাজ করবে বলে তিনি জানান।
উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ফিন্যান্স) তাপতুন নাসরীন এবং নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।