পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় অবস্থিত ১৪ তলা বিশিষ্ট হাজী টাওয়ারের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হলে খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটিসহ মোট নয়টি ইউনিট। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হলেও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি।