পটিয়ায় চালকের গলায় বেল্ট পেঁচিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা: আটক ১
চট্টগ্রামের পটিয়ায় যাত্রী সেজে সিএনজি ট্যাক্সি ছিনতাইয়ের চেষ্টাকালে মো. হারুন ওরফে সাগর (৩০) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সংলগ্ন ভাটিখাইন ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক সাগর উপজেলার কচুয়াই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মো. সেলিমের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে পটিয়া পোস্ট অফিস এলাকা থেকে যাত্রী সেজে সাগরের নেতৃত্বে একটি চক্র মো. আমির হোসেনের চালিত সিএনজিটি ভাড়া করে। দিনভর ঘোরার পর রাতে নির্জন এলাকায় পৌঁছালে সাগরের সহযোগীরা অটোরিকশা দিয়ে সিএনজিটির পথরোধ করে। এ সময় সাগর পেছন থেকে চালকের গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং মারধর শুরু করে। চালকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে সাগরকে আটক করলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার এবং সিএনজিটি জব্দ করে।
এ ঘটনায় গাড়ির মালিক শয়ন মজুমদার বাদী হয়ে পটিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, আহত চালক ও আটক আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার সাগরকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।