ডেইরি খামারে ভাগ্যবদল: মাসে দেড় লাখ টাকা লাভ করছেন শিবচরের লিয়ন
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর এলাকার তরুণ উদ্যোক্তা মো. লিয়ন ঢালী ডেইরি খামারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০১৬ সালে মাত্র তিনটি গরু নিয়ে যাত্রা শুরু করা তার ‘রাফসান ডেইরি ফার্ম’ আজ শতাধিক গরুর এক বিশাল খামারে পরিণত হয়েছে। বর্তমানে এই খামার থেকে প্রতিদিন ৪০০ থেকে ৪৩০ লিটার দুধ উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় বাজারে বিক্রি করে তিনি প্রতি মাসে প্রায় সাড়ে সাত লাখ টাকা আয় করছেন। খরচ বাদে তার মাসিক নিট মুনাফা থাকছে প্রায় দেড় লাখ টাকা।
লিয়ন ঢালীর এই সফলতার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা। খামারটিতে বর্তমানে ৯ জন শ্রমিক কর্মরত আছেন। পশুপালনের পাশাপাশি তিনি সফলভাবে মাছ চাষও করছেন। তার খামারের পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত ব্যবস্থাপনা দেখে স্থানীয় অনেক খামারি উদ্বুদ্ধ হচ্ছেন। এমনকি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ খামারিরাও পরামর্শের জন্য তার কাছে ছুটে আসছেন।
নিজের অভিজ্ঞতা থেকে নতুন উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে লিয়ন ঢালী বলেন, ডেইরি খামারে সফল হতে হলে আবেগী না হয়ে বাস্তববাদী হতে হবে। বিশেষ করে গরুর পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করতে ঘাস চাষের কোনো বিকল্প নেই। শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়ন ঢালীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, লিয়ন ঢালীর এই রূপান্তর বর্তমান প্রজন্মের বেকার যুবকদের জন্য একটি বড় অনুপ্রেরণা হতে পারে।