ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী নেই, বুধবার মনোনয়নপত্র তুলবেন রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। এর ফলে এই আসনে বিএনপির কোনো নিজস্ব প্রার্থী থাকছে না। সমঝোতা অনুযায়ী, এখানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে ‘খেজুরগাছ’ প্রতীকে নির্বাচন করবেন মাওলানা জুনায়েদ আল হাবিব।
তবে দলের এই সিদ্ধান্তে নাটকীয় মোড় নিতে পারে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণ। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসন থেকে নির্বাচন করার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন। এমনকি আসন সমঝোতার খবর আসার পরও তাঁর কর্মী-সমর্থকরা জানিয়েছেন, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) রুমিন ফারহানার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর সরাইলের এক জনসভায় রুমিন ফারহানা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, "মার্কা যা-ই হোক, নির্বাচন করবো আমি সরাইল-আশুগঞ্জ থেকেই।" তাঁর এই অনড় অবস্থানের কারণে সরাইল-আশুগঞ্জ এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকেন কি না।