বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিরাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ: আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ: আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় দেশ: আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন থেকে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটিশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২০২) তিনি ঢাকার পথে উড়াল দেবেন।


তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।


স্মরণকালের বৃহত্তম সংবর্ধনার প্রস্তুতি তারেক রহমানের এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে বড় ধরনের শোডাউন ও গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিশেষ মঞ্চ নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে।


বিশৃঙ্খলা এড়াতে তারেক রহমানের বিশেষ বার্তা এদিকে নিজের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। গত ১৬ ডিসেম্বর লন্ডনে এক সভায় তিনি স্পষ্ট করে বলেন,


“আপনাদের দোয়ায় ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। অনুরোধ করছি, সেদিন কেউ বিমানবন্দরে যাবেন না। যারা এই অনুরোধ রাখবেন, তারা দল ও দেশের সম্মানের প্রতি মর্যাদা দেবেন।”


তিনি আরও সতর্ক করে দেন যে, তার এই অনুরোধ উপেক্ষা করে যারা বিমানবন্দরে ভিড় করবেন বা বিশৃঙ্খলা তৈরি করবেন, তাদের ‘ব্যক্তিগত স্বার্থান্বেষী’ হিসেবে গণ্য করা হবে। মূলত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং জনভোগান্তি এড়াতেই তিনি এমন বিনয়ী আহ্বান জানিয়েছেন।


পটভূমি উল্লেখ্য, ২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। এরপর থেকে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তার দেশে ফেরার প্রক্রিয়া ও ক্ষণগণনা শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার এই প্রত্যাবর্তন দেশের সমসাময়িক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।