সিলেটে নামল তারেক রহমানকে বহনকারী বিমান, বেলা পৌনে ১২টায় ঢাকায়
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার সকালে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। সকাল ১০টার কিছু আগে সিলেটে অবতরণের পর সেখানে এক ঘণ্টার যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করবে বিমানটি। নির্ধারিত সময় অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে তারেক রহমান যে পথে ৩০০ ফিটের নির্ধারিত সভাস্থলে পৌঁছবেন, তার একটি সুনির্দিষ্ট রুট ম্যাপ ঘোষণা করা হয়েছে। রুট অনুযায়ী তিনি রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট দিয়ে বের হবেন। এরপর বেবিচক ভবন থেকে বাম দিকে জসীমউদ্দীন রোড হয়ে ইউ-টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন এবং খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে সরাসরি ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছবেন।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিমানবন্দর এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। ৮ নম্বর গেট ও ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হয়েছে এবং মিডিয়া পাস ছাড়া কোনো গণমাধ্যমকর্মীকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।