‘সারা বিশ্ব আজ বাংলাদেশের জনস্রোত দেখবে’: বিমান বন্দরে সালাহউদ্দিন আহমদ
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে এক 'অবিস্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা' হিসেবে অভিহিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "তারেক রহমানকে বরণ করে নিতে আজ যে জনস্রোত ও আবেগ দেখা যাচ্ছে, তা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্ব প্রত্যক্ষ করবে। এই মুহূর্তটি আমাদের জাতীয় ইতিহাসে একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।" তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৭ বছর ধরে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম বিএনপি করে আসছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর আজ সেই গণতন্ত্র অবমুক্ত হয়েছে।
রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে তাদের কোনো সন্ত্রাসী ষড়যন্ত্র সফল হবে না; দেশবাসী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে।"
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন। একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।