বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশমৌলভীবাজারে উৎসবের আমেজে বড়দিন: সম্প্রীতির বন্ধনে সিক্ত চা বাগান ও পুঞ্জি

মৌলভীবাজারে উৎসবের আমেজে বড়দিন: সম্প্রীতির বন্ধনে সিক্ত চা বাগান ও পুঞ্জি

favicon
ভোরের আলো ডেস্ক:
মৌলভীবাজারে উৎসবের আমেজে বড়দিন: সম্প্রীতির বন্ধনে সিক্ত চা বাগান ও পুঞ্জি

শান্তি, মৈত্রী ও সম্প্রীতির বার্তা নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন গির্জা ও মিশনে বিশেষ প্রার্থনা, ধর্মীয় সংগীত এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।


বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলার খ্রিস্টান মিশনে। শ্রীমঙ্গল ধর্মপল্লীর অধীনে থাকা ৭৫টি চা বাগান ও খাসিয়া পুঞ্জি থেকে আসা প্রায় সহস্রাধিক খ্রিষ্টধর্মাবলম্বী এই উপাসনায় অংশ নেন। উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে উপাসনা শেষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী ধর্মীয় নৃত্য।


শ্রীমঙ্গল মিশনের ফাদার ড. জেমস শ্যামল গমেজ বড়দিনের তাৎপর্য ও যিশুখ্রিস্টের জীবনদর্শন নিয়ে বিশেষ আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে যিশুর আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।


উৎসবকে কেন্দ্র করে গির্জাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গির্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করে।