কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন: প্রাণ হারালেন এক ক্রু
কক্সবাজারের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে লাগা এই অগ্নিকাণ্ডে জাহাজের একজন ক্রু নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নুনিয়ারছড়া ঘাটে জাহাজটি অবস্থান করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জাহাজটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
দুর্ঘটনার সময় জাহাজে নাবিক ও ক্রুসহ মোট ১৬ জন ছিলেন। আগুনের তীব্রতা বাড়লে ১৫ জন সদস্যকে স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়। তবে নুর কামাল নামে এক ক্রু ভেতরে আটকা পড়ে মারা যান, যার মরদেহ পরবর্তীতে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।