বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব ১০ পরিবার

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব ১০ পরিবার

favicon
ভোরের আলো ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরবান আলী সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ব্রিটিশ আমলের কাঠের তৈরি দ্বিতল বসতঘরগুলো হওয়ায় আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিপ্লব, বিটু, কপিল, কাজলসহ ১০টি পরিবারের ঘর ও আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়।


ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা রাশেদ মুহাম্মদ জানান, আগুনের তীব্রতায় তারা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু হারিয়ে এখন তারা নিঃস্ব। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম জানান, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দেন।