বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঘন কুয়াশায় ঢাকা খুলনা: হাড়কাঁপানো শীতে স্থবির জনজীবন

ঘন কুয়াশায় ঢাকা খুলনা: হাড়কাঁপানো শীতে স্থবির জনজীবন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘন কুয়াশায় ঢাকা খুলনা: হাড়কাঁপানো শীতে স্থবির জনজীবন

শিল্পনগরী খুলনায় ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা গড়িয়ে গেলেও কুয়াশার চাদর সরেনি, ফলে সূর্যের দেখা মেলেনি দীর্ঘক্ষণ। তীব্র শীতের প্রকোপে স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম। ছুটির দিন হওয়ায় রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় অনেক কম।


খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানিয়েছেন, এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠে সূর্যের তাপ পৌঁছাতে না পারা এবং উত্তর দিক থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি চলতি সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রচণ্ড ঠান্ডায় বিশেষ করে রেলস্টেশন, বাস টার্মিনাল ও ফুটপাতে বসবাসকারী ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি তীব্র শীতের প্রভাব পড়েছে গৃহপালিত পশুপাখির ওপরও; খামারিরা বাতাস আটকাতে খামারের চারপাশে বাড়তি বেষ্টনী ব্যবহার করছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা সন্ধ্যার পর শীতের দাপট আরও বাড়ার পূর্বাভাস দিয়ে শিশু ও বৃদ্ধদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।