ঘন কুয়াশায় মাঝনদীতে দুর্ঘটনা: শরীয়তপুরে নোঙর করা জাহাজে লঞ্চের ধাক্কা
ঢাকা থেকে বরিশালের মুলাদী যাওয়ার পথে শরীয়তপুরের গোসাইরহাটে পদ্মা নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। আজ রবিবার সকাল ৯টার দিকে কোদালপুর ইউনিয়ন এলাকায় ঘন কুয়াশার কারণে নদী তীরে নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার বাম পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান, তবে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি; কেবল একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি পুনরায় মুলাদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।